বৌদ্ধ ভিক্ষু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে দুটি পাহাড়ি সংগঠন।
শনিবার বিকালে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মহানগর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ থেকে বক্তারা মন্দিরের ভূমি কেড়ে নিতেই ভূমিদস্যুরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন।
২০১২ সালে ১৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামু বৌদ্ধপল্লিতে একযোগে ১৩টি বিহারে অগ্নিসংযোগের বিচার না হওয়ায় বৌদ্ধ সম্প্রদায় চরম উদ্বেগ ও উৎকন্ঠারর মধ্য দিয়ে দিনযাপন করছে উল্লেখ করে বক্তারা বলেন, এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তি না হওয়া সরকারের ব্যর্থতা।
এই ঘরেই খুন হন মং শৈ উ
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান জিনবোধি ভিক্ষু, পার্বত্য ভিক্ষু সংঘের অধ্যক্ষ প্রিয়তিষ্য ভিক্ষু, গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার সভাপতি বিজয় চাকমা, পিসিপি সহ-সভাপতি পলাশ চাকমা, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক কমল বড়ুয়া বিজয়সহ অন্যরা বক্তব্য রাখেন।
