মারধরের পর বাবার মামলা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামে মারধরের ঘটনায় বৃদ্ধ বাবার করা মামলায় গ্রেপ্তার হয়েছেন এক যুবক।
শনিবার ভোর রাতে নগরীর বায়েজিদ থানার চালিয়াতলী এলাকার একটি বাসা থেকে বেলাল উদ্দিন মুন্না (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
মুন্নান ‘শিবির ক্যাডার’ সাজ্জাদের সাবেক সহযোগী বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা আবদুস সাত্তার (৭৮) ও মাকে মারধর করে হত্যার হুমকি এবং ৫০ লাখ টাকা দাবির অভিযোগে করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
নিষ্পত্তি হওয়া ওয়ার্ড কমিশনার লিয়াকত হত্যা মামলায় আসামির তালিকায় মুন্নার নাম ছিল।
স্থানীয়রা জানায়, লিয়াকত হত্যাকাণ্ডের পর মুন্না দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন। প্রবাস থেকে ফিরে তিনি নিজের প্রথম স্ত্রীকে অস্বীকার করেন এবং পরিবারের অমতে আরেকজনকে বিয়ে করেন। এই নিয়ে পরিবারে বিরোধ চলছিল।
তা নিয়েই মুন্না তার বাবা-মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পারিবারিক সম্পত্তি তার নামে লিখিয়ে দিতে চাপ দিচ্ছিল ও অর্থ চাচ্ছিল বলে স্থানীয়রা জানান।
এসব ঘটনায় আবদুস সাত্তার গত ১০ ফেব্রুয়ারি ছেলের বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি মহসিন জানান, গত ১০ মে রাতে মুন্না, তার স্ত্রী ও এক বন্ধু মিলে আবারও তার বাবার কাছে ৫০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে মারধর করে এবং অস্ত্র দিয়ে হত্যা করার হুমকি দেয়।
এ ঘটনায় ১১ মে আবদুস সাত্তার তার ছেলে মুন্না, তার স্ত্রী জেসমিন ও বন্ধু সুমনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা করেন। ওই মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, “যে অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তা উদ্ধারে আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।”
