২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতার ‘নাম ভাঙ্গিয়ে’ মুক্তিযোদ্ধার জমি ‘দখল চেষ্টা’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক নেতার ‘নাম ভাঙ্গিয়ে’ আগ্রাবাদে এক মুক্তিযোদ্ধার জমি দখলে নিতে তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার সকালে আগ্রাবাদের বিল্লাপাড়া পুলিশ ফাড়ি সংলগ্ন মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের বাড়িতে ওই হামলা হয় বলে জানিয়েছেন তার মেয়ে ফারজানা কুলসুমা (৩০)।

হামলায় আহত হওয়ার অভিযোগ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবু সিদ্দিক তাদের জায়গা দখলে নিতে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর ‘নাম ভাঙ্গিয়ে’ এ হামলা হয় অভিযোগ করে ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা-মা দুজনই শয্যাশায়ী। বড় ভাইও থাকেন বাইরে। ছোটবোনকে নিয়ে আমি বাবার সঙ্গে থাকি।

“প্রতিবেশী আবু সিদ্দিকের মামার কাছ থেকে আমার বাবা আড়াই কড়া জায়গা কেনেন কয়েক বছর আগে। সেটি দখলে নিতে আওয়ামী লীগ নেতা বাচ্চুর নাম ব্যবহার করে হুমকি দিয়ে যাচ্ছে আবু সিদ্দিক।”

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা বাচ্চু বলেন, এ বিষয়ে সালিশে হওয়া সিদ্ধান্ত মানছে না মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের পরিবার। 

হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মানিক বলেছেন, বিস্তারিত জেনে সিদ্ধান্ত দেবে পুলিশ।

‘ভয়-ভীতির’ কারণে ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকতে পারছেন না বলেও অভিযোগ করেন ফারজানা।

তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হলে আবু সিদ্দিক ও তার স্ত্রী আমার উপর হামলা করে ওই জায়গায় না আসার জন্য শাসিয়ে গেছে।”

ওই জায়গার মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে জানিয়ে মহানগর আওয়ামী লীগ নেতা বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সালিশ করে বলেছি, মালিকানার বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে যার জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”

তার নাম ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, “আবু সিদ্দিককে তারা নানারকম মামলা দিয়ে হয়রানি করছে। সালিশে আমরা বলেছি মামলার ক্ষতিপূরণ বাবদ দেড় লাখ টাকা আবুকে পরিশোধ করতে হবে।

“ঝামেলা এড়াতে আবু তার নিজের মালিকানায় থাকা জায়গা তাদের কাছে বিক্রির প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। সালিশের সিদ্ধান্তগুলো তারা এখন মানছে না।”

এ ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় ফারজানা কুলসুমের দেওয়া লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উভয়পক্ষকে থানায় আসতে অনুরোধ করেছি।”

আগেও কয়েকবার এমন ঘটনা ঘটে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “ঘটনার বিস্তারিত জেনে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত দিব।”