২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণে ১৭ বছর আগের মামলায় যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীতে শিশু ধর্ষণের অভিযোগে ১৭ বছর আগের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল সকালে আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার আগে আর উপস্থিত ছিলেন না।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

“দণ্ডপ্রাপ্ত আসামি সকালে হাজিরা দিয়েছিল বলে জানতে পেরেছি। তবে দুপুরে রায় ঘোষণার সময় তিনি ছিলেন না। তাই পলাতক হিসেবেই তার রায় ঘোষণা করা হয়েছে।”

১৯৯৯ সালে নগরীর তৎকালীন পাঁচলাইশ থানার বায়েজিদ এলাকায় প্রতিবেশী আট বছর বয়সী এক মেয়ে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে তুলে নিয়ে ধর্ষণ করে গোলাম রসুল।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বিশেষ বিধান আইনের ৬ (১) ধারায় মামলা করেন।

মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে চার জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় ঘোষণা করে।