চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ নৌবাহিনীর সদস্য আটক
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ নৌবাহিনীর এক সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার রাতে হালিশহর রামপুরা এলাকায় একটি অটোরিকশা থেকে জসিম উদ্দিন নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়।
“তিনি মংলায় নৌবাহিনীর সৈনিক পদে দায়িত্ব পালন করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছেন।”
ওসি জানান, কর্নেল হাট এলাকায় পুলিশের টহল দল একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক না থেমে পালানোর চেষ্টা করে। পরে রামপুরা এলাকায় ওই অটোরিকশা আটক করে যাত্রী জসিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জসিমের বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি হালিশহর থানার মাদরাইজ্যাপাড়া এলাকার নূর ম্যানশনে থাকেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলা করার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
