২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ফরাসি নৌবাহিনীর জাহাজ

ছয়দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ ‘একোনিট’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 07:10 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

মঙ্গলবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীব স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট।

এর আগে জাহাজটিকে বাংলাদেশের জলসীমায় অভ্যর্থনা জানায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’।

বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রান্স নৌবাহিনীর জাহাজটিতে ২০ জন কর্মকর্তা ও ১৪০ জন নাবিক আছেন।

১২৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন লরেন্ট ম্যাকার্ড ডি গ্রেমন্ট।

জাহাজটি চট্টগ্রামে অবস্থানকালে জাহাজের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন ফ্রান্সের ভারত মহাসাগর বিষয়ক ইনচার্জ রিয়ার এডমিলার এনটনি ব্যুসেন্ট।

সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘বিএন আশার আলো’, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স’ এবং নৌবাহিনীর জাহাজ শহীদ মোয়াজ্জামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, নাবিক, স্কাউট সদস্য এবং বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা ফ্রান্সের জাহাজটি পরিদর্শন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাহাজাটি ১৫ মে বাংলাদেশ ত্যাগ করবে। এসময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’ ও ‘স্বাধীনতা’র সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ফরাসি জাজাহ ‘একোনিট’।