জামায়াত নিষিদ্ধে বিল তোলার দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের
সংসদের আগামী অধিবেশনেই যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধে বিল আনার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম।
রোববার বিকালে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে আয়োজিত সমাবেশে ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে ফোরামের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম বেদার বলেন, “একাত্তরের আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান ও আইনের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।
“যুদ্ধাপরাধী দল হিসেবে ঘোষিত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি বন্ধে জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিল আনার দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্ষে ভেজা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের টাকায় লালিত জামায়াত-শিবিরের স্থান হতে পারে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি কে বিশ্বাস, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
