২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুই রেখে সেলাই: দুই চিকিৎসকের বিরুদ্ধে করা রিভিশন খারিজ

অস্ত্রোপচারের পর রোগীর শরীরের ভেতরে সুই রেখে সেলাইয়ের অভিযোগে করা মামলায় অব্যাহতি পাওয়া দুই চিকিৎসকের বিরুদ্ধে করা রিভিশন খারিজ করে দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 07:50 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নূর এ আদেশ দেন।

ওই দুই চিকিৎসক হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপরস্কোপিক ও কলোরেক্টাল সার্জন সুরমান আলী এবং বিশেষজ্ঞ চিকিৎসক জাকির হোসেন।

বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত দুই আসামিকে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছিলেন।

“সে আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেছিলাম। শুনানি নিয়ে আদালত তা খারিজ করে দিয়েছেন।”

আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবী ইফতেখার।

২০১৪ সালের ২৭ অগাস্ট দুই চিকিৎসককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন চট্টগ্রামের তৎকালীন মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী।

২০১২ সালের ৩০ মে স্থানীয় একটি ক্লিনিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচার করেন ওই দুই চিকিৎসক।

পরে আমিনুল মলদ্বারে ব্যথা অনুভব করলে ওই দুই চিকিৎসক দ্বিতীয়বার তার অস্ত্রোপচার করেন। পরে অবস্থার অবনতি হলে কলকাতার অ্যাপোলো হাসপাতালে রেডিওলজিস্ট দেবাশীষ দত্ত অস্ত্রোপচার করে সেখান থেকে সুই বের করেন।

চিকিৎসা শেষে দেশে ফিরে ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন আমিনুলের মা দেলোয়ারা বেগম।

আদালত তা মামলা হিসেবে গ্রহণ করতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেয়। ২০১৩ সালের ৩০ মে এসআই রুহুল আমিন দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

ওই বছরের ৩ জুন মামলার অন্যতম আসামি সুরমান আলীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

পরদিন থেকে বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং চট্টগ্রামের চিকিৎসকরা তাদের চেম্বার ও প্রাইভেট ক্লিনিকগুলোয় অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ করে দেয়।

দুইদিন পর ৬ জুন আদালতের নির্দেশে সুরমান আলী জামিন পেলে কর্মসূচি প্রত্যাহার করেন চিকিৎসকরা।

এরপর ২০১৩ ও ২০১৪ সালে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট নয় দফায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়। সর্বশেষ ২০১৪ সালের ২৪ অগাস্ট অভিযোগ গঠনের শুনানি হয়।