২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীর তিন ইউনিয়নে ফের ভোট চায় বিএনপি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারী উপজেলার তিন ইউনিয়নে ফের ভোট নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হাটহাজারী উপজেলা বিএনপির

আহবায়ক এস এম ফজলুল হক বলেন, “চিকনদণ্ডি, ফতেপুর ও মির্জাপুর ইউনিয়নে ভোটের এক সপ্তাহ আগে থেকে বিএনপি প্রার্থীদের উপর হামলা-হুমকি, বাড়িঘর ভাংচুর করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়া করা হয়েছে।”

লিখিত বক্তব্যে তিনি বলেন “ভোটের দিন প্রশাসনের সহায়তায় তিন ইউনিয়নের অধিকাংশ কেন্দ্র দখলে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা। নির্বাচনী কর্মকর্তাদের কাছে প্রতিকার চাইলেও তারা নির্বিকার থাকেন।”

হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ৩ মে ফতেপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী জাকের হোসেনের বাড়িতে গুলি চালিয়ে আতংক তৈরি করা হয়, ৫ মে চিকনদণ্ডি ইউনিয়নে বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিমের বাড়িতে ভাংচুর ও গুলিবর্ষণ করা হয়।

একইদিন মির্জাপুর ইউনিয়নে সশস্ত্র মহড়া দিতে গিয়ে নিজেদের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী মারা যায় বলে জানান তিনি।

এসব কারণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান উপজেলা বিএনপির এ নেতা।