সীতাকুণ্ডে দুর্ঘটনায় কভার্ড ভ্যানচালক নিহত
ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক কভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন।
সোমবার বিকালে সীতাকুণ্ড মডেল হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. দেলোয়ার (৪৫) পাবনার নগরবাড়ি ঘাট বাড়ির করিম খানের সন্তান। দুর্ঘটনায় আহত হয়েছেন কাভার্ড ভ্যানের সহকারী মাসুদ (২৮)।
দেলোয়ার বারআউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুড লিমিটেড কোম্পানিতে চালক হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারআউলিয়া ডেইরি মিল্কের পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে আহত হন দেলোয়ার ও মাসুদ।
বিকাল সাড়ে ৪টার দিকে দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর।
