ফেলে যাওয়া বস্তায় ৮৫ হাজার ইয়াবা
চট্টগ্রামের চন্দনাইশে মোটরসাইকেল আরোহী ‘মাদক কারবারিরা’ ৮৫ হাজার ইয়াবা বোঝাই একটি বস্তা ফেলে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দনাইশ থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকা থেকে ওই ইয়াবার বস্তা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চন্দনাইশ থানা পুলিশ রাতে গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চেকপোস্ট পরিচালনা করে।
“চট্টগ্রামের দিকে আসা একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা না থেমে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা একটি বস্তা রাস্তায় ফেলে যায়।”
পরে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বস্তা খুলে ইয়াবা পাওয়া যায় বলে জানান ওসি।
তিনি বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
