২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের সদস্য অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সদস্য অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 06:53 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে নগরীর খুলশী থানার ডিজেল কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওরফে সেলিম (৩৬) ও মো. রিয়াজ (২৫) পেশায় অটোরিকশা চালক হলেও ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত।

তারা গত ১১ মার্চ রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে যুগ্ম মহানগর দায়রা জজ সালমা খাতুনের ব্যাগ ছিনতাই করেছিল বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশ সদস্য সন্তোষ বলেন, গ্রেপ্তার দুজন রাতে অটোরিকশা চালায় এবং সুযোগ বুঝে রিকশা আরোহী যাত্রীদের ব্যাগ ছিনতাই করে।

“বিচারক সালমা খাতুন রাতে বাসায় ফেরার পথে মেডিকেল কলেজ রোডে অটোরিকশা থেকে টান দিয়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তিনি পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।”

গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত করে দুইজনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে বিচারকের ব্যবহার করা মোবাইল ফোনও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এসআই সন্তোষ আরও বলেন, নগরীতে ছিনতাইকারী চক্রটি নম্বরবিহীন অটোরিকশা নিয়ে ছিনতাই করে থাকে বলে গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে । আগেও তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পেয়েছে।

ডিজেল কলোনি থেকে তাদের গ্রেপ্তারের পর বাঘঘোনা এলাকায় একটি গ্যারেজ থেকে ছিনতাইকাজে ব্যবহার করা একটি অটোরিকশাও উদ্ধার করা হয় বলে এই পুলিশ সদস্য।