২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুর্নীতি, চট্টগ্রামে গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে চট্টগ্রামে এক সহকারী প্রকৌশলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

জিয়াউল হক দুলাল নামে ওই লোক এলজিইডি চট্টগ্রামের পটিয়া উপজেলার সহকারী প্রকৌশলী।

বুধবার নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক দীপন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাঙামটি জেলার বাঘাইছড়ি উপজেলার প্রকৌশলী থাকার সময়ে ২০১২-২০১৩ অর্থবছরে মারিশ্যা দুরছড়ি বাজার সড়কে ১৭২ মিটার সড়কে কাজ না হলেও ছয় লাখ ৩৩ হাজার ২২৯ দশমিক ২৭ টাকা টাকা আত্মসাৎ করেছিলেন।

এ ঘটনায় দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে গত ৮ মার্চ বাঘাইছড়ি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে দুদক।

মামলায় দণ্ডবিধির ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয় বলে জানান তিনি।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার প্রকৌশলীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল কাদেরের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালত আদেশের অনুলিপি বাঘাইছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর আদেশও দেন বলে জানান তিনি।