চট্টগ্রামে ‘ক্যারিয়ার মেলা’
চাকরি প্রত্যাশী ও চাকরিদাতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে জব পোর্টাল ‘জবস বিডি ডটকম’ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীতে শুরু হতে যাচ্ছে দুই দিনের ‘ক্যারিয়ার মেলা’।
আগামী ৬ ও ৭ মে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ মেলা হবে বলে মঙ্গলবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রতিদিন সকাল ১০টায় শুরু করে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
জবস বিডি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপন বলেন, মেলায় শতাধিক করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে।
“মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকার, সঠিক বায়োডাটা তৈরি, প্রশিক্ষণ ক্যারিয়ার ক্লিনিকের মাধ্যমে দক্ষতা নিরূপণ করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।”
এছাড়াও অনলাইনে সিভি জমা, স্পট রিক্রুটম্যান্ট এবং বিভিন্ন খাতে কর্মরত উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগও থাকবে বলেও জানান রিপন।
মেয়র নাছির বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ৮৪ ভাগ আমদানি-রপ্তানি হয়ে থাকে। সে হিসেবে সুযোগ ও সম্ভাবনার চট্টগ্রামে যুবকদের ক্যারিয়ার গড়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
