চট্টগ্রামেও বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে সূর্যাস্তের আগে
চট্টগ্রাম নগরীতেও উন্মুক্ত স্থানে বাংলা বর্ষবরণের সব অনুষ্ঠান সূর্যাস্তের আগে শেষ করতে বলেছে পুলিশ।
বৃহস্পতিবার সূর্যের আলো ফোটার পর থেকে বাংলা পঞ্জিকানুযায়ী নতুন বছরকে বরণ করে নেবে নগরবাসী। এই উপলক্ষে নগরীর ডিসি হিল, সিআরবি শিরিষ তলাসহ নগরীর বিভিন্ন স্থানে থাকবে নানা আয়োজন।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে ডিসি হিলে এবং পহেলা বৈশাখ উদযাপন পরিষদ সিআরবি শিরিষ তলায় সবচেয়ে বড় দুইটি আয়োজন হবে।
মঙ্গলবার বিকালে নগর পুলিশের সহকারী কমিশনার (বিশেষ শাখা) কাজেমুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সূর্যাস্তের আগে উন্মুক্ত স্থানে বর্ষবরণের সকল অনুষ্ঠন শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নববর্ষ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “নারী ও শিশুদের যাতে কোনো ধরনের হয়রানির মতো ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হবে।”
পুলিশের তল্লাশি কাজে জনগণকে সহায়তা করার আহ্বান জানিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান না করা, গ্যাস লাইটার, দিয়াশলাই, পটকা, অস্ত্র, ছুরি, নেইলকাটার, ব্লেডসহ সন্দেহজনক কোনো বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা শিশুদের নিয়ে নববর্ষ অনুষ্ঠানে যাবেন তাদেরকে শিশুদের পকেটে অভিভাবকদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর লিখা কাগজ দিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে।
এদিকে নববর্ষ উদযাপনে যানচলাচলে কিছু বিধি আরোপ করেছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।
নগর পুলিশের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসি হিলে নববর্ষ অনুষ্ঠানের জন্য নন্দনকানন পুলিশ প্লাজা, এনায়েত বাজার মোড়, চেরাগী মোড় থেকে ডিসি হিল পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
সিআরবি শিরিষ তলার আয়োজনের জন্যে এমএ আজিজ স্টেডিয়াম মোড়, আটমাসিং মোড় ও কাঠের বাংলো থেকে শিরিষ তলা পর্যন্ত সবধরনের যান চলাচল বন্ধ থাকবে।
এছাড়া কাজীর দেউড়ি থেকে এনায়েত বাজার মোড় পর্যন্ত উভয়মুখী যানচলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা মহানগরীর উন্মুক্ত স্থানে বর্ষবরণের সব আয়োজন সন্ধ্যার আগেই শেষ করার নির্দেশনা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিষিদ্ধ করা হয় ভুভুজেলা বাঁশিসহ মুখোশে মুখ ঢাকা।
