চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের এক্সেস রোড এলাকায় ইয়াবাসহ একটি মাইক্রোবাস আটক করেছে হালিশহর থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।
মঙ্গলবার গভীর রাতে মাওলানা ফিলিং স্টেশনের সামনে ওই মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. সুমন মিয়া ওরফে সবুজ (৩৫) ও মো. মহসিন (৩৫)।
তারা টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী।
তিনি জানান, তল্লাশি করে মাইক্রোবাস থেকে এক হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি প্রণব বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের কয়েকটি স্থানে সরবরাহ করেছে; বাকিগুলো কসবা নিয়ে যাচ্ছিল।
এর আগেও তারা কয়েকটি চালান পাচার করেছেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
