সংঘর্ষের পর চট্টগ্রাম ভেটেরিনারি বন্ধ
শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রদের ও পরদিন সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে চলমান উত্তেজনায় জেরে ক্যম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্দ ঘোষনা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আরিফুল ইসলাম নামে তৃতীয় বর্ষের ছাত্রকে ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা মারধর করে বলে ফিশারিজ অনুষদের শিক্ষার্থীরা অভিযোগ তুললে উত্তেজনা তৈরি হয়।
পরে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মো. রিয়াদ জানান।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য গৌতমবুদ্ধ দাশ সাংবাদিকদের বলেন, “এটি একটি অপ্রতীকর ঘটনা। এই ঘটনা যাতে বৃহদাকার ধারণ করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপচার্যের বিশেষ ক্ষমতাবলে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”
এই ঘটনায় দোষীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি করা হবে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ক্যম্পাস খুলে দেওয়ার আশ্বাস দেন তিনি।
