চবির বর্ষবরণ শেষ হবে বিকাল ৫টার মধ্যে, নিষিদ্ধ ভুভুজেলা
এবার বাংলা বর্ষবরণে ভুভুজেলা বাঁশি নিষিদ্ধ করাসহ ক্যাম্পাসের সব আয়োজন বিকাল ৫টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন।
এবছর পহেলা বৈশাখের আয়োজনের মধ্যে আছে র্যালি, আলোচনা সভা, বাউল গান, লাঠিখেলা, পুতুল নাচ, কাবাডি, বউচি ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিখেলা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি।
“এবার উৎসবের সমস্ত আয়োজন বিকাল ৫টার মধ্যে সীমাবদ্ধ এবং ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে।”
এছাড়া উৎসবের দিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত দেড়শ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন জানিয়ে প্রক্টর বলেন, ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি ক্যাম্পাসে পুলিশের ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করবে।
উৎসবের দিন ক্যাম্পাসে মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য শিরিণ আখতার, রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, পুলিশের এএসপি মশিউদ্দৌল্লাহ রেজা, হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল উপস্থিত ছিলেন।
এ বছর নিরাপত্তার কারণ দেখিয়ে রমনা বটমূল ও সোহরাওয়াদী উদ্যানসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানের বর্ষবরণও সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ভুভুজেলার পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে মুখোশ পরা।
