২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের পক্ষে চট্টগ্রামে মানববন্ধন

বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্রের পক্ষে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে, যাতে অংশ নেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:27 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে সংহতি জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, “সরকার চায় বিদ্যুৎ সংকট নিরসন করতে। তেল ও গ্যাসের সংকট আছে। এখন বিদ্যুৎ উৎপাদনে কয়লাভিত্তিক কেন্দ্রই করতে হবে।

“বাঁশখালীর মানুষকে ভুল বোঝানো হয়েছে। ভুল বুঝিয়ে ওই ঘটনা ঘটানো হয়েছে। চার জন মানুষের প্রাণ গেল।”

প্রকল্প এলাকার আশেপাশের লোকজনকে প্রকল্প সম্পর্কে বোঝাতে এবং সমস্যা নিরসন করতে স্থানীয়দের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান মহিউদ্দিন।

সমাবেশে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার লোকজন অংশ নেয়।

সমাবেশে গণ্ডামারার বাসিন্দা ‍তুহিন নামে একজন বলেন, “আমি গন্ডামারার সন্তান। আমি এখানে আসতে চাইনি। কিন্তু যেহেতু বিদ্যুৎকেন্দ্র চাই সেহেতু সংহতি প্রকাশ করছি।”

মো. আসিফ নামে আরেকজন বলেন, “বাঁশখালীর মত এলাকায় বড় প্রকল্প নেওয়ায় এস আলম গ্রুপকে ধন্যবাদ। এতে বাঁশখালীবাসীই উপকৃত হবে। যারা অন্ধকারে আছে তারাই এ প্রকল্পের বিরোধিতা করছে।”