বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বিরোধীদের কর্মসূচি স্থগিত
বিদ্যুৎকেন্দ্র ঠেকাতে কাফন মিছিল ও উপজেলা প্রশাসন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করার একদিন পরই তা ১৫ দিনের জন্য স্থগিত করেছে বাঁশখালীর গণ্ডামারার ‘ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী’।
শনিবার বিকেলে মুজিবের টিলা এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে এ ঘোষণা দেন কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা লিয়াকত আলী।
এর আগে দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ কবির লিটন ঘটনাস্থলে যান।
তার সঙ্গে ছিলেন বাঁশখালী আইনজীবী সমিতির কয়েকজন নেতা এবং বাঁশখালী থানার সাবেক ওসি কামরুল হাসান।
তাদের উপস্থিতিতে এলাকাবাসীর বিভিন্ন দাবি মেনে নিতে তিনি ১৫ দিনের সময় চাইলে লিয়াকত আলী ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এসময় পর্যন্ত গণ্ডামারায় কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ থাকবে বলেও এলাকাবাসীকে আশ্বস্ত করেন আবদুল্লাহ কবির লিটন।
স্থানীয়দের উপস্থিতিতে লিটন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থলে এসেছেন।
পরে লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল্লাহ কবির লিটন বলেছেন তিনি প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে এসেছেন।
“মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়াদের জামিন, যারা ভয়ে প্রকাশ্যে চিকিৎসা নিতে পারছেন না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
এছাড়া বিদেশি পরিবেশ বিজ্ঞানী এনে সেমিনারের মাধ্যমে কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে এলাকাবাসীকে অবহিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন লিটন।
লিয়াকত আলী বলেন, “তিনি (লিটন) ১৫ দিন সময় চেয়েছেন। ১৫ দিন আমাদের কর্মসূচি স্থগিত রাখতে বলেছেন।
“১৫ দিন যেহেতু প্রকল্পের কাজও স্থগিত থাকবে তাই আর সংঘাতের দিকে গেলাম না। আমি না মানলে তো বলত, সংঘাতের দিকে ঠেলে দিচ্ছি।”
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন গত তিন দিন ধরেই এলাকায় যাচ্ছেন।
লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিয়েছেন। এ প্রকল্পে উনি সম্মতিও দিয়েছেন।
“কিন্তু এটা যে পরিবেশবান্ধব প্রজেক্ট সেটা বোঝানোর দায়িত্ব পালন করা হয়নি। ১৫ দিনের সময় চেয়েছি। আন্দোলন বন্ধ থাকবে।”
এই সময়ে মধ্যে দেশি-বিদেশি পরিবেশ বিজ্ঞানীদের এলাকাবাসীর সঙ্গে বসিয়ে প্রকল্প সম্পর্কে অবহিত করা হবে বলেও জানান লিটন।
তিনি বলেন, “যদি স্থানীয়দের আস্থায় নিতে পারি তাহলে প্রকল্প অবশ্যই হবে। দুই বছর ধরে কাজ শুরু হলেও কোনো পজিটিভ বিষয় তুলে ধরা হয়নি।”
প্রধানমন্ত্রীর সম্মতিতে তিনি এসেছেন কি না জানতে চাইলে লিটন বলেন, “সব কথা বলতে পারছি না।
“আমি যেহেতু দল করি। আমার দলই সরকার চালায়। সরকারের পক্ষ থেকে এসেছি বলতে পারেন।”
শুক্রবার বিকেলে মুজিবের টিলা এলাকায় পশ্চিম গণ্ডামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক সমাবেশ থেকে রোববার কাফন মিছিল ও উপজেলা প্রশাসন ঘেরাও এর ঘোষণা দেয় ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী।
৪ এপ্রিল সেখানেই কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী পক্ষের লোকজনের সঙ্গে পক্ষের লোকজন ও পুলিশের সংঘর্ষে চার জন নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়।
এ ঘটনায় তিনটি মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয় হাজার জনকে আসামি করা হয়।
ঘটনার পর থেকে গণ্ডামারায় উত্তেজনা বিরাজ করছিল।
ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী কর্মসূচি স্থগিত করলেও ‘উন্নয়নের পক্ষে এলাকাবাসী’ নামের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পক্ষের লোকজন কর্মসূচি অব্যাহত রেখেছে।
উন্নয়নের পক্ষের এলাকাবাসীর নেতা ইমরানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মানববন্ধন কর্মসূচি পালিত হবে। রোববার সারাদিন আমার উপজেলা সদরে অবস্থান করব।”
রোববার বেলা ১২টায় উপজেলা সদরে মানববন্ধন করবেন বলে জানান ইমরানুল।
