ট্রেন থেকে পড়ে চবি শিক্ষার্থী আহত
রেললাইনের পাশে থাকা ভ্যানের ধাক্কায় ডেমু ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
শনিবার সকালে চৌধুরীহাট এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় আহত ওমর ফারুক লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ষোলশহর স্টেশন মাস্টার এ কে এম ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত শিক্ষার্থী ডেমুট্রেনের দরজায় বসে ক্যাম্পাস থেকে শহরে ফিরছিলেন।
“ট্রেনটি চৌধুরী হাট এলাকার কাছে রেলক্রসিং পার হওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চালের ভ্যানের সাথে ধাক্কা খেয়ে তিনি ট্রেন থেকে পড়ে ব্যথা পান।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনের দরজায় বসে যাতায়াত করতে গিয়ে ওমর ফারুক নামের আমাদের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
“সম্ভবত ওর পা ভেঙে গেছে। মেডিকেল রিপোর্ট পেলে ওর ইনজুরি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান প্রক্টর।
