বোনকে উত্ত্যক্তের অভিযোগ তুলে ছিনতাই
চট্টগ্রামে একটি ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কোতোয়ালী থানার ডিসি হিল, এনায়েত বাজার ও লাভ লেইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এসআই শরীফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. ওয়াহিদুল ইসলাম ওরফে তুহিন (২০), ইমতিয়াজ হাসান ওরফে ইশতি (১৮), মো. সাবের আহমেদ ওরফে সাগর (২১) ও জাবেদ আলম ওরফে আলিফ (১৯)।
এসআই শরীফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদুল হাসান নামে এক ব্যবসায়ী আন্দরকিল্লা থেকে টাকা নিয়ে চান্দগাঁও এলাকার বাসায় ফিরছিলেন।
“এসময় ওই চারজনসহ নয় যুবক তাদের একজনের বোনকে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে রশিদুলকে ঘিরে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা তার টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।”
ছিনতাই করা টাকা ডিসি হিলে বসে ভাগ-ভাটোয়ারা করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা শরীফুল বলেন, “ঘটনা শোনার পর ব্যবসায়ী রাশিদুলকে নিয়ে ডিসি হিলে অভিযান চালানো হলে তারা দৌড়ে পালিয়ে যায়।”
তিনি জানান, এরপর পুলিশ ধাওয়া করে তুহিনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য তিনজনকেও আটক করে ছিনতাই করা ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসআই শরীফুল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাদের দলে মোট ১১ জন সদস্য। বিভিন্ন ব্যাংকের সামনে তারা মোটরসাইকেল নিয়ে অবস্থান নেয়।
“কেউ ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর সুবিধামতো স্থানে টাকা ছিনিয়ে নেয়। এ নিয়ে গত কয়েকমাসে তারা আটটি ছিনতাই করার কথা স্বীকার করেছে।”
চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
