২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণ্ডামারায় ৩ দিন পর পুলিশ

কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংঘর্ষে চারজন নিহত হওয়ার তিনদিন পর বাঁশখালীর গণ্ডামারায় ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম গণ্ডামারায় ঘটনাস্থলে স্থানীয়দের সাথে সভা করে তাদের ‘শান্ত’ থাকার আহ্বান জানায় পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি শান্ত আছে।

“স্থানীয়দের সাথে কথা বলেছি। তাদের শান্ত থাকতে বলেছি। বলেছি- পুলিশ ও জনগণ একসাথে কাজ করবে।”

বৃহস্পতিবার ওই ঘটনায় জড়িত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা ওই সভায় অংশ নিলেও অন্য সদস্যরা সভাস্থলে ছিল না বলে এলাকাবাসী জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবারও গণ্ডামারায় বিক্ষোভ প্রদর্শন করেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিরোধীরা।

কেন্দ্র বিরোধী ‘ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী’র আহ্বায়ক বিএনপি নেতা লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালের মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র না করার বিষয়ে সরকারের ঘোষণা না এলে বিকালে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে শুক্রবার গণ্ডামারায় ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং জাতীয় পার্টির নেতা সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

লিয়াকত আলী বলেন, আবদুল্লাহ আল নোমান নিহতদের পরিবারের  সাথে দেখা করতে যাবেন। এছাড়া পূর্ব নির্ধারিত দোয়া মাহফিলে অংশ নেবেন মাহমুদুল ইসলাম চৌধুরী।

এছাড়া গণ্ডামারার ঘটনাস্থলে মানববন্ধন করবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বৃহস্পতিবার দিনভর গণ্ডামারায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। বিভিন্ন স্থানে জড়ো হয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করেন তারা।

এছাড়া মজিবের টিলা এলাকায়ও বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ থেকে আবারও বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।