২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প উন্নয়ন পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের ৩ উদ্যোক্তাকে সম্মাননা

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাওয়া তিন শিল্পোদ্যাক্তাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে  ‘শিল্পোন্নয়ন: সম্ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

লৌহজাত শিল্পে বিএসআরএম গ্রুপ, হাইটেক প্রযুক্তিতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ক্ষুদ্রশিল্পে এডেশান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ক্ষেত্রের ১২টি প্রতিষ্ঠান এবার রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পায়।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী,  ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন ও এডেশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনকড়ি চক্রবর্ত্তী এই তিন প্রতিষ্ঠানের প্রধানকে এ সম্মননা দেয় চট্টগ্রাম প্রেস ক্লাব।

বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয়বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখার জন্য ওই ১২টি প্রতিষ্ঠানকে পাঁচটি ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন’ পুরস্কার দেওয়া হয়।  

পুরস্কার বিতরণীর আলোচনায় বক্তারা বলেন, সরকার গৃহীত বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় উৎস থেকে ৩০ শতাংশ চাহিদা পূরণ করা হলে স্থানীয় শিল্পে যেমন গতি আসবে, তেমনি দেশের টাকা দেশের মধ্যেই থাকবে।

বক্তারা বৃহৎ শিল্পে দীর্ঘমেয়াদে ঋণসুবিধা দেওয়ার দাবি জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশগুলোতে প্রকল্প বাস্তবায়নে ৪০ শতাংশ স্থানীয় উৎস থেকে নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে সেই আইন নেই। ফলে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে।

আলোচনায় বিএসআরএম-র চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী বলেন, “আমরা সরকারের কাছে কোনো ধরনের ঋণ মওকুফ চাই না, শুধু চাই সরকার আমাদের শুনুক। শিল্প সম্পর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বৈঠকে আমাদের ডাকা হোক।

“লৌহজাত শিল্পের ২৫ শতাংশ মার্কেট আমাদের। আমরা জানি সমস্যা কোথায়। অথচ নীতি নির্ধারণী বৈঠকে আমাদের উপেক্ষা করা হয়।”

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এম সাখাওয়াত হোসেন বলেন, “ঋণ মওকুফের মতো কোনো অন্যায্য চাওয়া আমাদের নেই। বিশ্বের অন্যান্য দেশে ভারী শিল্প স্থাপনের ক্ষেত্রে স্বল্প সুদে ২০ বছরের জন্য ঋণ দেয়।”

বাংলাদেশেও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে তিনি বলেন, “আমাদের আবেদনও সেটি। কারণ একটি জাহাজ বানাতেই এক বছর লেগে যায়। সেখানে ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি প্রতিমাসে সুদসহ কিস্তি পরিশোধ করতে হয় সেটা শিল্প বিকাশে প্রতিবন্ধকতা।”

এডেশান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তিনকড়ি চক্রবর্তী বলেন, “পাকিস্তান আমলে শিল্পপতি বলতে ছিল ২২ পরিবার। সেখানে বাঙ্গালি কেবল একে খান গ্রুপ। আর এখন শত শত শিল্পপতি আছেন দেশে।”

এটা আমাদের স্বাধীনতার সুফল বলেও মনে করেন এই ব্যবসায়ী।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌথুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর, বিএফইউজের নির্বাহী সদস্য আসিফ সিরাজসহ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।