২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি উন্নয়ন বোর্ডে ৩ ড্রেজার হস্তান্তর

বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের নদীগুলোকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার নগরীর সদরঘাটে কর্ণফুলী শিপইয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের জন্য নির্মিত ড্রেজার হস্তান্তর অনুষ্ঠানের বক্তব্যে একথা বলেন তিনি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসার পর এ নদীগুলো নিয়ে প্রথমবারের মত ভেবেছিলেন। তিনি তখনই বুঝতে পেরেছিলেন নদীমাতৃক এ দেশকে বাঁচাতে হলে নদীগুলোকে বাঁচাতে হবে।

“তিনি তখনই সিদ্ধান্ত নিলেন নদীতে ড্রেজিং করতে হবে, পানি ধারণ ক্ষমতা ও নাব্যতা বাড়াতে হবে। সে কাজ তিনি তখন শেষ করে যেতে পারেননি। ২০০৮ সালে ক্ষমতায় এসে তিনি আবারো ড্রেজিংসহ নদী বাঁচাতে প্রয়োজনীয় কর্মসূচি হাতে নিয়েছেন।”

নদী বাঁচাতেই প্রধানমন্ত্রীর নির্দেশে বিআইব্লিউটিসি’র পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের জন্যও ড্রেজার কেনার সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে কর্ণফুলী শিপইয়ার্ড ও বোসতা এলএমজি’র (নেদারল্যান্ড) যৌথ উদ্যোগে প্রতি ঘণ্টায় তিন হাজার কিউবিক মিটার পলিমাটি উত্তোলনে সক্ষম তিনটি ড্রেজার পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হয়।

২৬০ কোটি টাকা ব্যয়ে এ ড্রেজার তিনটি নির্মাণ করে কর্ণফুলী শিপইয়ার্ড ও বোসতা এলএমজি।

মন্ত্রী বলেন, “এ তিনটি ড্রেজার পেয়ে আমাদের পলি অপসারণ সক্ষমতা ৬০ শতাংশ বেড়ে যাবে। সবমিলিয়ে বছরে প্রায় ৭২ লাখ ঘনমিটার পলি উত্তোলন করা যাবে।”

৫৪টি নদীর অববাহিকা হতে প্রতি বছর ১ দশমিক ২ বিলিয়ন ঘনমিটার পলি নদীগুলোতে জমা হয় জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, সেই বিপুল পরিমাণ পলির কিছু অংশ বঙ্গোপসাগরে চলে যায় আর বাকিগুলো জমা হয় নদীগুলোতে।

এসব পলি অপসারণে আরও ৩০ থেকে ৪০ টি ড্রেজার লাগবে জানিয়ে তিনি বলেন, “বছরে পলি অপসারণ দুই কোটি ২০ লাখ কিউবিক মিটারে উত্তোলন করতে হবে। তার জন্য আমাদের আরও ৩০ থেকে ৪০টি ড্রেজার লাগবে। ”

এ জন্য পাইলট ড্রেজিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান জাতীয় পার্টির এই নেতা।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাসুদ আহমদ, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খুরশিদ মালিক ও কর্ণফুলি শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল রশিদ উপস্থিত ছিলেন।