তনু হত্যা: চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের স্কুল ধর্মঘট পালিত
ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুসহ পাহাড়ে ও সমতলে ঘটে যাওয়া সব ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে সারা দেশের ডাকা স্কুল ধর্মঘটের অংশ হিসেবে চট্টগ্রামেও ধর্মঘট পালন করেছে ছাত্র ইউনিয়ন।
সোমবার নগরীর অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মঘটে সংহতি জানিয়ে ক্লাস বর্জন ও মিছিল-সমাবেশ করে।
শিক্ষার্থীদের মিছিলটি নগরীর নিউ মার্কেট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে এক সমাবেশে বক্তারা জানান, পাহাড়ে ও সমতলে যে হারে ধর্ষণের ঘটনা ঘটছে সরকার কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত করছে না। এ ধরনের নির্লিপ্ততার কারণে সারা দেশ আজ ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
অবিলম্বে সোহাগী জাহান তনুর ধর্ষণ-হত্যাসহ পাহাড়-সমতলে সংঘটিত সব হত্যাকাণ্ডের হোতাদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণবের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা।
২৯ মার্চ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এক সংবাদ সম্মেলনে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশের সব স্কুলে এই ধর্মঘট আহ্বান করেছিল।
