চট্টগ্রামে সমাবেশ থেকে তনুর খুনি গ্রেপ্তারের দাবি
সোহাগী জাহান তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
রোববার দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটে সংহতি জানিয়ে বন্দর নগরীর চকবাজারে প্রগতিশীল ছাত্রজোটের এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা বলেন, “তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে সরকারকে প্রমাণ করতে হবে তারা এ হত্যাকাণ্ডের সুরাহা করতে আন্তরিক।”
ধর্ষকদের বাঁচানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মইনুদ্দিন আরিফ বলেন, শুরু থেকেই এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে গড়িমসি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর শাখার সভাপতি ফরহাদ জামান জনি। সমাবেশ শেষে চকবাজার থেকে একটি মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
