এইচএসসি: প্রথমদিনে চট্টগ্রামে কেউ বহিষ্কার হয়নি
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট ৮৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
রোববার সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ৯৭টি কেন্দ্রে এবছর পরীক্ষা হচ্ছে।
এর মধ্যে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৬১টি ও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে বাকী ৩৬টি কেন্দ্র রয়েছে।
তিনি বলেন, “পরীক্ষার প্রথম দিনে মোট ৭২ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭১ হাজার ৭২১ জন।”
মোট পরীক্ষার্থীর মধ্যে বৃহত্তর চট্টগ্রামে ৬৩৮ জন ও অন্য চারটি জেলায় ২১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব।
