২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৯ সালে দারিদ্র্যমুক্ত হতে পারে দেশ: সমবায় সচিব

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ২০১৯ সালের মধ্যে দারিদ্রমুক্ত হতে পারে বলে মনে করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:19 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুচিন্তা বাংলাদেশ’ আয়োজিত ‘দারিদ্রমুক্ত বাংলাদেশ: ছাত্র-শিক্ষক সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে সমবায় সচিব আরও বলেন, দেশের অধিকাংশ মানুষই এখনো নানাভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। দেশের উন্নয়নে প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়ন জরুরি।

দেশের টেকসই উন্নয়ন ও কৃষকদের আর্থিক উন্নতিতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মন্তব্য করে দেশের অবস্থাপন্ন কৃষকদের জন্য ‘সমৃদ্ধ একটি বাড়ি একটি খামার’ নামে সরকার আরও একটি নতুন প্রকল্প গ্রহণের চিন্তা করছে বলে জানান প্রশান্ত কুমার।

সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে সুচিন্তা বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত বলেন, ২০০৯ সালে দেশে ৪২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করতেন। এখন সেটি ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

“দশ টাকায় ব্যাংক একাউন্ট চালু, একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং সার ও বীজের প্রাপ্তি নিশ্চিত করায় বর্তমানে দেশ খাদ্য ঘাটতির অভিশাপ থেকে মুক্তি পেয়েছে।”

দারিদ্রসীমার নিচে বাস করা মানুষ কৃষিখাতের মাধ্যমে ভাগ্য ফেরাতে পারেন বলেও মনে করেন আরাফাত।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী সেমিনার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল মনছুরের সভাপতিত্বে ও ‘সুচিন্তা বাংলাদেশের’ সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম সজিবের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।