তনু হত্যার প্রতিবাদী সমাবেশে নারী-শিশুদের নিরাপত্তা দাবি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনি ও ধর্ষকদের বিচার চেয়ে সারাদেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ রাষ্ট্রের দাবি জানিয়েছে চট্টগ্রামের প্রগতিশীল বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার বিকালে নগরীর প্রেস ক্লাব চত্বরে তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে ব্ক্তারা পাহাড় ও সমতল সব এলাকায় নারী-শিশুদের নিরাপত্তা দাবি করেন।
উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশের সভাপতিত্বে সমাবেশ থেকে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসন নির্লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়।
সমাবেশ থেকে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়নসহ আদিবাসী নারীদের নির্যাতন হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
