২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁড়িতে নিয়ে সোনা ছিনতাই: হাবিলদার মেজবাহ এবার সিআইডির রিমান্ডে

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে সোনা ছিনিয়ে নেয়ার ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. মেজবাহকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সিআইডি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ইয়াসমিন তাকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে পুলিশও মেজবাহকে হেফাজতে নিয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, কাছ গত ২৫ মার্চ রেলওয়ে পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার তারা বুঝে নিয়েছেন।

মেজবাহকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাইলে বিচারক তিনদিন মঞ্জুর করেন বলে জানান তিনি।

গত ২৯ ফেব্রুয়ারি পাহাড়তলী রেল স্টেশনে আরএনবি ফাঁড়িতে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহর উপস্থিতিতে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবক হাজারী গলি ঝুমুর মার্কেটের ‘বিশ্বকর্মা বুলিয়ন’ দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠে।

ওইদিন রাতেই ছিনতাইয়ের শিকার দুই কর্মচারীর একজন পলাশ নন্দী হাবিলদার মেজবাহসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন।

পরদিন কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় মেজবাহকে।

এই ঘটনায় রেলওয়ে পুলিশ মেজবাহকে গ্রেপ্তার করে গত ২ মার্চ রিমান্ডে নেয়।

পুরনো খবর:

ফাঁড়িতে নিয়ে সোনা ছিনতাই: হাবিলদার মেজবাহ রিমান্ডে