তনুর জন্য মশাল মিছিল চট্টগ্রামে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে চট্টগ্রামে।
দাবি আদায়ে সোমবার নগরীর প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল হয়েছে। ‘যৌন নিপীড়ন বিরোধী তরুণ মঞ্চ’র ব্যানারে এ মিছিলে শতাধিক মানুষ নেয়।
একই দাবিতে নগরীর চেরাগী মোড়ে ছাত্র ইউনিয়ন এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার ঘটনায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরব প্রতিবাদ জানাচ্ছে। কুমিল্লায় চলছে ধারাবাহিক কর্মসূচি।
মশাল মিছিল শেষে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে যৌন নিপীড়ন বিরোধী তরুণ মঞ্চের আহ্বায়ক ফরহাদ জামান বলেন, তনুর হত্যাকারীদের বাঁচাতে একটি মহল ব্যস্ত হয়ে পড়েছে। দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোনের মাধ্যমে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।
এসময় শহীদ মিনারে তনুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন মঞ্চের সংগঠক স্বাক্ষর শুভ, কামাল হোসেন ও শওকত আলী।
আন্দোলনের অংশ হিসেবে যৌন নিপীড়নের কারণ না হতে রক্ত দিয়ে শপথ নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার নেতা-কর্মীরা।
তনু ধর্ষণ-হত্যাসহ পাহাড় ও সমতলের সব যৌন নিপীড়নের বিচারের দাবিতে এক মানববন্ধন শেষে এ শপথ নেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনি সেন, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেহেদি হাসান নোবেল।
বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা এই মানববন্ধনে সংহতি জানায়।
এর আগে অবিলম্বে তনুর খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার নগরীর জামালখান এলাকায় সমাবেশ করে শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশ শেষে একটি প্রতিবাদী পদযাত্রা প্রেস ক্লাব চত্বর থেকে নগরীর ডিসি হিলে গিয়ে শেষ হয়। সেখানে তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার শপথ নেয় হাজারো মানুষ।
