চট্টগ্রামে প্রার্থীদের সরে দাঁড়াতে চাপ দিচ্ছে আ. লীগ: বিএনপি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়াতে দলের প্রার্থীদের উপর হামলার পাশাপাশি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিএনপির নেতারা।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে উত্তর জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বলা হয়, তারপরও দলটি ভোটের লড়াইয়ে থাকবে।
লিখিত বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলায় গত কয়েক সপ্তাহ বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের উপর ২৩টি হামলা হয়েছে।
“নির্বাচন থেকে সরে দাঁড়াতে এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে। প্রশাসনকে অবহিত করলেও হামলার ঘটনায় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।”
আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এ তিন উপজেলায় ভোট হওয়ার কথা।
আসলাম চৌধুরী বলেন, “প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচনের আগে এলাকায় আধিপত্য বিস্তার করে বিএনপি প্রার্থীদের এলাকা ছাড়া করতে নানাভাবে হুমকি দিচ্ছে।”
সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর, ছলিমপুর, বারৈয়াঢালা, সোনাইছড়ি, মুরাদপুর, কুমিরা, বাশঁবাড়িয়া ও ভাটিয়ারি ইউনিয়নের বিএনপি প্রার্থীদের বাড়িতে হামলাসহ নানাভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বলেন, মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. ইউচুপ মনোনয়নপত্র জমা দিতে গেলে তার উপর হামলা হয়। উপজেলার দূর্গাপুর, ধুম, জোরারগঞ্জ, ইছাখালী, ওসমানপুর ও কাটাছড়া ইউনিয়নে বিএনপি প্রার্থীদের বাড়িঘরে হামলা ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে।
সন্দ্বীপের কয়েকটি ইউনিয়নেও ‘একই ঘটনা ঘটেছে’ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
আসলাম চৌধুরী জানান, এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যতই ‘হুমকি ও হামলার ঘটনা’ ঘটুক বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বলেও জানান তিনি।
এসময় বিএনপি নেতা-কর্মীদের ‘হয়রানি ও ধরপাকড়’ বন্ধ, ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, প্রচার নির্বিঘ্ন করতে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ ও ‘হামলায় জড়িতদের’ গ্রেপ্তারের দাবি জানান তিনি।
