সীতাকুণ্ডে দুর্ঘটনার পর বিক্ষোভ, গুলিতে আহত ৭
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডের সামনের সড়কে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় নিরাপত্তাকর্মীদের ছোড়া গুলিতে সাতজন আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ সোনাইছড়ির কবির শিপ ব্রেকিং ইয়ার্ড স্টিল নামের শিপইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রথমে গুলি ছোড়ার ঘটনায় সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) রিয়াদ মাহমুদ একজন নিহত হওয়ার খবর জানালেও পরে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড মডেল থানা) তরীকুল ইসলাম কেউ নিহত হয়নি বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমে গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আমরা খোঁজ নিয়ে দেখি কেউ মারা যায়নি।
“গুলি ছোড়ার ঘটনায় শিপ ইয়ার্ডটির ছয় জনকে আটক করা হয়েছে। ইয়ার্ড থেকে একটি এক নলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।”
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা তরীকুল।
এরা হলেন- নুরুন নবী (২০), দেলোয়ার (২৪), ওসমান (২৫), মুন্না (২০), মোছাম্মত শাহনাজ (২৫), শাহাবউদ্দিন (১৮) ও সামির আহাদ (১৬)।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, “ছররা গুলি ও ইট-পাথরের আঘাতে তারা আহত হয়েছে।”
স্থানীয়রা জানান, সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় পাশের কবির স্টিল মিল রাস্তায় ট্রাকের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়। এর প্রতিবাদে শ্রমিক ও স্থানীয় লোকজন শিপইয়ার্ডের গেইটে ও মহাসড়কে বিক্ষোভ করে।
