২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের সক্ষম করবে ‘দ্য রোমিং ইয়ার্ড’

অটিস্টিক শিশুদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ‘দ্য রোমিং ইয়ার্ড’ নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হলো চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 04:13 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে মোমবাতি জ্বালিয়ে এর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন বলেন, দেশে উদ্বেগজনক হারে অটিস্টিক শিশুদের সংখ্যা বাড়ছে।

“উত্তরাধিকার সূত্রে যেমন এ সমস্যাটা তৈরি হয়, তেমনি নানা রাসায়নিক বিকিরণ এবং পরিবেশ দূষণও এর জন্য দায়ী।”

এ ধরনের শিশুদের প্রতি সহযোগিতামূলক মনোভাবের ওপর গুরত্ব দিয়ে তিনি বলেন, “এসব শিশুরা ভালো আঁকতে পারে, গাইতে পারে। শুধু দরকার তাদের প্রতি সমর্থন, সহযোগিতামূলক মনোভাব।”

দরদ ও আদর দিয়ে এসব শিশুদের গড়ে তুলতে ‘দ্য রোমিং ইয়ার্ড’ কাজ করে যাবে বলে আশা করেন তিনি।

সার্বক্ষণিক তত্ত্বাবধানে অটিস্টিক শিশুদের নিরাপদ বিকাশের লক্ষ্যে নগরীর গোলপাহাড়ে সুবর্ণ আবাসিক এলাকায় কেন্দ্রটি যাত্রা শুরু করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক  রাশেদা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলম খোরশেদ ও সমাজসেবক চিকিৎসক আবদুল্লাহ আল হারুন।

নতুন এই কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য সেবা, মানসিক স্বাস্থ্য সেবা এবং ভাষা শিক্ষার সুযোগ রাখা হয়েছে।