২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল দোকান, বসতঘর

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের তিনটি ঘটনায় পুড়ে গেছে দোকান, বসতঘরসহ আটটি স্থাপনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 12:05 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে নগরীর কালুরঘাট বিসিক, ইপিজেড আকমল আলী রোড ও রাউজান উপজেলার নাথুয়ান বাগিচায় অগ্নিকাণ্ডের এসব ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের ভাষ্য।  

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কালুরঘাট বিসিক এলাকায় রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের সূত্রপাত হয়।

কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে শ্রমিকদের থাকার পাঁচটি কাঁচা বসত ঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান নজরুল।

একই সময়ে রাউজান উপজেলার নাথুয়ান বাগিচা এলাকায় পুড়ে যায় একটি বসতঘর।

বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে ওই বাড়ি পুড়ে দুই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে নজরুল বলেন, “রাউজান ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এদিকে নগরীর ইপিজেড থানার আকমল রোডে আগুনে পুড়ে গেছে আটটি বিভিন্ন ধরনের দোকান।

এতে মোট ৮০ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয় বলে জানান নজরুল।