চট্টগ্রাম যুব ইউনিয়নে নতুন নেতৃত্ব
অচলায়তনের বৃত্ত ভেঙ্গে সুন্দর আগামী গড়ার প্রত্যয় জানিয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর শহিদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ এ এন রাশেদা।
সম্মেলনে রিপায়ন বড়ুয়াকে সভাপতি ও উজ্জ্বল শিকদারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, দেশে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট হচ্ছে সেগুলো দিয়ে এদেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।
বেকারত্ব দূরীকরণে প্রতিটি জেলায় চাকরি নিবন্ধন সেন্টার স্থাপন, নিবন্ধনের এক বছরের মধ্যে চাকরির নিশ্চয়তা দেওয়া, চাকরির ব্যবস্থা না হলে এক বছর পর থেকে বেকার ভাতা দেওয়ার দাবি জানান তিনি।
এ এন রাশেদা বলেন, “মুক্তবাজার অর্থনীতিতে আজ সবকিছু পণ্য হয়ে গেছে। শিক্ষা আজ মুনাফা আহরণের অন্যতম ব্যবসা। পণ্যায়নের এ সংস্কৃতি থেকে একমাত্র যুবসমাজের আন্দোলনই আমাদের মুক্ত করতে পারে।”
সম্মেলনে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, কমিউনিস্ট পার্টি নেতা অশোক সাহা, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল মান্নান, আমীর হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য জিসান বখতেয়ার।
