২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাড়ছে নারী শ্রমিকদের বিদেশযাত্রা

কর্মসংস্থানের জন্য নারীর বিদেশ যাওয়া নিয়ে নেতিবাচক ধারণার পরিবর্তনে সারাদেশের তুলনায় তুলনামূলক কম হলেও চট্টগ্রাম থেকে জনশক্তি হিসেবে নারীর বিদেশযাত্রা বাড়ছে বলে জানিয়েছেন জনশক্তি কার্যালয়ের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিন্টু চৌধূরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 07:42 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

তাদের মতে, সারা দেশে এ বিষয়ে নেতিবাচক ধারণা পরিবর্তনের পাশাপাশি বিদেশের কর্মস্থলে নিরাপত্তা বৃদ্ধিসহ নারী শ্রমিকদের প্রশিক্ষণের জন্য স্থাপিত বিভিন্ন ইন্সটিটিউটের কারণে বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে ভালো কর্মসংস্থান হচ্ছে এদেশের নারীদের।

সারাদেশের মতো চট্টগ্রাম জেলাতেও বিদেশে কাজের জন্য যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের প্রশিক্ষণের জন্য দুটি ইন্সটিটিউট রয়েছে বলে জানান জেলা জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে (ইনস্টিটিউটে) নারীদের কাজে দক্ষ করে তোলার পাশাপাশি আচরণও শেখানো হয়ে থাকে।”

পরিসংখ্যানে দেখা যায়, দেশের অন্য জেলার তুলনায় চট্টগ্রামের নারীকর্মীদের বিদেশ যাত্রার হার কম হলেও প্রতি বছর এ সংখ্যা বাড়ছে।

২০১৫ সালে চট্টগ্রাম জেলা থেকে সরকারি-বেসরকারি উদ্যোগে এক হাজার ৩৯০ জন নারী শ্রমিক হিসেবে বিদেশে যায়। এই সংখ্যা এ জেলায় ২০১৪ সালের তুলনায় ৫২৭ জন বেশি।

২০১৫ সালে সারাদেশ থেকে কর্মশক্তি হিসেবে বিদেশে যাওয়া নারীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৮০৬ জন।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মী, শিশু পরিচর্যাকারী (কেয়ার গিভার) ও মালি হিসেবেই অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের নারীকর্মীদের কর্মসংস্থান হয়। এর বাইরে দক্ষিণ কোরিয়া এবং মরিশাসেও নারীকর্মীরা যাচ্ছে।

জেলার জনশক্তি কর্মকর্তা জহিরুল আলম মজুমদার বলেন, “বিদেশে নারীদের কাজ করতে যাওয়া নিয়ে আগে চট্টগ্রামের মানুষের মধ্যে কিছু সংস্কার ছিল। সেকারণে দেশের অন্যান্য জেলার তুলনায় চট্টগ্রাম জেলা থেকে নারী শ্রমিকদের বিদেশ গমনের হারও ছিল কম।”

ব্যাপক প্রচারণা, কাজ নিয়ে প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়ার কারণে সামাজিক সংস্কারের বাধা ডিঙিয়ে চট্টগ্রামের নারীদের বিদেশে কাজ করার আগ্রহের পাশাপাশি বিদেশে যাওয়া বেড়েছে বলে মনে করেন তিনি।

জনশক্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে চট্টগ্রাম জেলা থেকে কাজের জন্য বিদেশ গিয়েছে ৮৬৩ জন, ২০১৩ সালে ৩৭৩ জন, ২০১২ তে ২৮৮, ২০১১ তে ১২২, ২০১০ এ ১০৮ এবং ২০০৯ সালে গিয়েছে মাত্র ১৫৫ জন নারী।

২০১৪ সালে সারাদেশ থেকে বিদেশে গিয়েছে ৭৫ হাজার ১০৯ জন নারী, ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৪৭ হাজার ৬১২জন।    

অন্যদিকে চট্টগ্রাম জেলা থেকে জনশক্তি হিসেবে ২৩ হাজার ১৪৫ জন পুরুষ বিদেশে কাজের জন্য যায়। ২০১৪ সালে যায় ২৬ হাজার ৮৬১ জন, ২০১৩ সালে এ সংখ্যা ছিল ২৫ হাজার ৮৫৩ জন।

জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ থেকে অধিকাংশ নারী ওমান, সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের জন্য গিয়ে থাকে। সেখানে বাংলাদেশি দক্ষ নারী শ্রমিকদের চাহিদা রয়েছে।

চট্টগ্রাম বিদেশে কাজের জন্য যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের দুটি ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক হিসেবে তৈরি করেই তারা কর্মক্ষেত্রে পাঠাতে চান।

দেশের অর্থনীতিকে সচল রাখতে দক্ষ এসব নারী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই জনশক্তি কর্মকর্তা।