প্রত্যাশিত কন্টেইনার না পাওয়ায় ছাড়েনি ভারতগামী জাহাজ
প্রত্যাশা অনুযায়ী কন্টেইনার না পাওয়ায় বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে চলাচলকারী প্রথম জাহাজ এমভি হারবার-১ নির্ধারিত দিনে চট্টগ্রাম ছেড়ে যায়নি।
বাংলাদেশ-ভারত উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় দেড়শ খালি কন্টেইনার নিয়ে প্রথম জাহাজটি বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে ভারতের কৃঞ্চাপাটনাম বন্দরের পথে ছেড়ে যাওয়ার কথা ছিল।
জাহাজ পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান নিপা পরিবহনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাঙ্ক্ষিত সংখ্যায় কন্টেইনার না পাওয়ায় এমভি হারবার-১ চট্টগ্রাম ছেড়ে যায়নি।”
জাহাজটি দেড়শ কন্টেইনার নিয়ে বন্দর ছাড়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২০টি কন্টেইনার বুকিং পেয়েছি।”
জাহাজটি কবে ছাড়বে- জানতে চাইলে সুনির্দিষ্ট দিনক্ষণ না জানিয়ে সিরাজুর বলেন, “কন্টেইনার বুকিং হলেই কয়েকদিনের মধ্যে ছেড়ে যাবে।”
চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এমভি হারবার-১ কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে অবস্থান করছিল। শুক্রবার সেটি বন্দরের এনসিটি-১ এ ভেড়ার কথা ছিল।
মঙ্গলবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় প্রথম জাহাজ চলাচল উদ্বোধন করেন।
২২ মার্চ ভারতের বন্দরে পৌঁছানোর পর ২৩ মার্চ ছেড়ে আসবে বলে সেদিন জানানো হয়েছিল।
