২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়্যারহাউজে আটকে থাকা মালামালের জরিমানা মওকুফ দাবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের ওয়্যার হাউজে আটকে থাকা মালামালের ওপর জরিমানা মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে প্রবাসীদের দুটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বুধবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ইউএই কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও প্রবাসী কল্যাণ পরিষদ।

কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আশরাফ চৌধুরী লিখিত বক্তব্যে জানান, গত তিন-চার মাস ধরে কাস্টমস কর্তৃপক্ষ প্রবাসীদের মালামালগুলো আইনি জটিলতা দেখিয়ে খালাস প্রক্রিয়া বন্ধ রাখে।

“প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড থেকে মালামাল খালাসের নির্দেশনা এলেও বিমান ও সমুদ্র বন্দরে পড়ে থাকা মালামালের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়্যার হাউজ ডেমারেজ চার্জ দাবি করছে, যা পরিশোধ করতে প্রবাসীরা অপারগ”।

এসব মালামালের উপর শুল্ক পরিশোধ করার পর এখন এ অতিরিক্ত জরিমানা দিতে হলে প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে এ তা মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন আনোয়ার আশরাফ।

প্রধানমন্ত্রীকে প্রবাসীবান্ধব উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা উত্তরণে তিনি সাহায্যের হাত বাড়াবেন আশা করি।

ব্যাগেজ নীতিমালা সংশোধনের আহ্বান জানিয়ে আনোয়ার আশরাফ বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যাগেজ নীতিমালার কারণে আইনি জটিলতা তৈরি হচ্ছে; আর তার শিকার হচ্ছেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ব্যাগেজ নীতিমালা সংশোধনে পাঁচ দফা দাবি জানানো হয়েছে বলেও জানান প্রবাসী নেতারা।

ব্যাগেজ নীতিমালার জটিলতার কারণে সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোসলেহ উদ্দিন।

তিনি বলেন, ২০১৪ সালে এ খাতে আয় ছিল ৪২ কোটি ২৯ লাখ টাকা আর ২০১৫ সালে আদায় হয় ৩৭ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি মাসে গড় রাজস্ব আদায় হত তিন কোটি ৬৪ লাখ টাকা।

কিন্তু গত বছরের ডিসেম্বরে সেটা মাত্র ছয় লাখ টাকায় নেমে আসে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইউএই কার্গো ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজম তালুকদার, প্রচার সম্পাদক খোরশেদুল আলম, প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মঈনুল হোসাইন মঈন ও প্রচার সম্পাদক আবু তাহের উপস্থিত ছিলেন।