২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ‘ছিনতাইয়ের প্রস্তুতির’ সময় গ্রেপ্তার ৮

চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আট যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ছিনতাইয়ের প্রস্তুতির জন্য জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 03:17 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

এরা হলেন- সোহাগ হাওলাদার (২৭), সোহেল রানা (২৮), কাজী মো. জনি হোসেন (২৫), আব্দুস সালাম (২০), রুবেল শরীফ (২৪), মোক্তার হোসেন (২৩), মো. কায়েস (২৪) ও সায়মন সাদেক (২৪)।

শনিবার রাতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট, বন্দরটিলা ও সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার রাতে ১৫ নম্বর ঘাটের শফি হাজীর পরিত্যক্ত ব্রিক ফিল্ডে বসে কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

“এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও তিন জন পালিয়ে যায়। পরে তাদের তথ্যের ভিত্তিতে বন্দরটিলা ও সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়।”

অভিযানের সময় ব্রিক ফিল্ড এলাকা থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও কাটারসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, “জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, বিমানবন্দরে আসা যাওয়ার সময় যাত্রী ও তাদের স্বজনদের কাছ থেকে ছিনতাইয়ের উদেশ্যে তারা ব্রিক ফিল্ড এলাকায় জড়ো হয়।”

তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।