২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ষাটের দশকের ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা

হাসি, আড্ডা আর আনন্দাশ্রুতে পরস্পরের সঙ্গে মিললেন বৃহত্তর চট্টগ্রামের ষাটের দশকের ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 09:24 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

শনিবার সকালে নগরীর সমাবেশ কমিউনিটি সেন্টারে স্মৃতিচারণের মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী পুর্ণমিলনী।

অনুষ্ঠানে সমবেত হয়ে ষাটের দশকের ছাত্রনেতারা তাদের উজ্জ্বল অতীতের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠেন; একে অন্যকে জড়িয়ে ধরেন; মেতে ওঠেন হাসি, আড্ডা আর আনন্দাশ্রুতে।

স্মৃতিচারণায় অংশ নেন ষাটের দশকের ছাত্রনেতা সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস এম ইউসুফ, ইসমত কাদির গামা, রেজাউল হক মোস্তাক, নুরুন্নবী, আশরাফ খান, গোলাম রব্বানি, অধ্যক্ষ ফজলুর হক, ডা. জাফর উল্লাহ, মোসলেম উদ্দিন, মোহাম্মদ জামাল উদ্দিন. ডা. মাহফুজুর রহমান, দেওয়ান মাকসুদ ও অধ্যাপক জিনোবোধী ভিক্ষু এতে অংশ নেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ষাটের দশকের অবিনাশী দেশপ্রেম-আত্মত্যাগ এখন বিস্মৃতির অতলে। মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত ষাট দশকের ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ছয় দফা ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা বাস্তবায়নে জীবনবাজি রেখে রাস্তায় নেমেছিল।

“বৈষয়িক লাভের হিসাব পাশে রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা বাংলাদেশের স্বাধীনতার সোনালী সূর্য ছিনিয়ে আনে রক্তের দামে। সেই সময় নেতাকর্মীদের রাজনৈতিক অঙ্গীকার ও দেশপ্রেম বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীর তত্ত্বাবধানে পুণর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ ও ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে ‘ষাট দশকের চট্টগ্রাম ছাত্রলীগ’ নামে একটি প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

ওই গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন সাবেক সাংসদ নুরুল আলম চৌধুরী, এস এম ইউসুফ, ইসমত কাদির গামা ও রেজাউল হক চৌধুরী।