চট্টগ্রামে হরতালে মাঠে নেই জামায়াত
মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে হরতাল ডেকে মাঠে নেই তার দল জামায়াতে ইসলামীর কর্মীরা।
বুধবার সকাল থেকে বন্দর নগরী ও জেলার কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। কোথাও কোনো গোলযোগও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
সকালের দিকে অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে নগরীর সড়কগুলোতে গাড়ি বেড়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরীর কোথাও বিশৃঙ্খলা ঘটেনি।
“হরতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
চট্টগ্রাম নগরীর বাইরে বিভিন্ন উপজেলার পরিস্থিতিও ‘স্বাভাবিক’ বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের কোথাও বিশৃঙ্খলার কোনো খবর তারা পাননি।
‘শিবির অধ্যুষিত’ এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া, লোহাগাড়া এলাকার জনজীবনও হরতালে ‘স্বাভাবিক’ রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
পুলিশ কর্মকর্তা এমরান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।
দুই দিক থেকেই দূরপাল্লার বাস চলাচল করছে।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে।
