চট্টগ্রামে শিব চর্তুদশী মেলায় একজনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে শিব চর্তুদশী মেলায় অংশ নিতে আসা এক পুন্যার্থী ‘অতিরিক্ত গরমে’ অসুস্থ হয়ে মারা গেছেন।
মৃত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল ৩টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের ওপরেই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে তাকে মেলা উপলক্ষে স্থাপিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জানিয়ে ওসি ইফতেখার বলেন, অতিরিক্ত গরমে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিব চর্তুদশী উপলক্ষে সীতাকুণ্ডে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মেলায় গত কয়েক বছরের তুলনায় বেশি লোক সমাগম হয়েছে। সকাল থেকেই ১২০০ ফুট ওপরের চন্দ্রনাথ পাহাড়ে পুন্যার্থী সনাতন ধর্মাবলম্বীদের ভিড় ছিল খুব বেশি।
