চবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুততম মানব-মানবী হয়েছেন আনোয়ার চৌধুরী এবং আফসানা জামান।
১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিততে আনোয়ার চৌধুরী ১১.০২ সেকেন্ড আর আফসানা জামান ১৪.০৯ সেকেন্ড সময় নেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ শেষ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী পুরষ্কার তুলে দেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান।
এবছর প্রতিযোগিতায় ছেলেদের ১৮ টি ইভেন্ট এবং মেয়েদের ১০টি ইভেন্ট হওয়ার কথা রয়েছে।
প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে দলগতভাবে ৬০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এ এফ রহমান হল। রানার্সআপ আলাওল হল পেয়েছে ৩২ পয়েন্ট।
আর মেয়েদের মধ্যে ৫৬ পয়েন্ট পেয়ে বেগম খালেদা জিয়া হল দলগত চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল ও প্রীতিলতা হল ১৭ পয়েন্ট পেয়ে যৌথভাবে রানার্সআপ হয়।
শাহজালাল হলের হোসাইন মাহমুদ ১৪ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং খালেদা জিয়া হলের আফসানা জামান ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়নের খেতাব লাভ করেন।
পুরস্কার বিতরণীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতিসহ অন্যান্য নেতারা এবং হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
