ট্রেনে চড়ে দেখুন, কেমন- চবি উপাচার্যকে ছাত্র ইউনিয়ন
প্রতিদিন যাতায়াতে শিক্ষার্থীদের ভোগান্তি অনুধাবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শাটল ট্রেনে চড়ার আমন্ত্রণ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাচলকারী শাটল ট্রেনের ভোগান্তি নিরসনসহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপিতে উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীকে এ আমন্ত্রণ জানানো হয়।
শিক্ষার্থীদের পরিবহন সঙ্কট নিরসনে শাটল ট্রেনের বগির সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, ষোলশহর থেকে ক্যাম্পাস পর্যন্ত রেলের ডাবল লাইন চালু, পর্যাপ্ত ছাত্রাবাস চালুর দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনটি।
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাটলে চড়তে গিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিদিন কী ধরনের ভোগান্তির শিকার হই, তা যাতে আমাদের উপাচার্য স্যার বুঝতে পারেন, সেজন্য উনাকে শাটলে চড়ার আমন্ত্রণ জানিয়েছি।”
উপাচার্য শাটল ট্রেনে বগির সংখ্যা বাড়িয়ে নয়টি করতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতের জন্য বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
তবে ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়ের ডাবল লাইন চালুর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আওতাধীন নয় বলে এ বিষয়ে রেলওয়ের কাছে ছাত্র ইউনিয়ন দাবি জানাবে বলে জানান জুবায়ের।
চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাওয়া-আসার মূল বাহন শাটল ট্রেন। প্রতিদিন এক জোড়া শাটল ট্রেন ও একটি ডেমু ট্রেনে করে শিক্ষার্থীরা যাওয়া-আসা করেন।
শহর থেকে শিক্ষকদের যাতায়াতের জন্য বাস রয়েছে।
