২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে বালিশচাপায় হত্যার পর মাটিচাপা

চট্টগ্রামের সীতাকুণ্ডের মনসুরাবাদ এলাকার বাসিন্দা ‘নিখোঁজ’ মোহাম্মদ সেলিমের (৪৫) মরদেহ চার মাস পর মাটিচাপা অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

পুলিশ বলছে, পরকীয়ার জেরে সেলিমের প্রথম স্ত্রী শাহানা আক্তার গত ২৯ অক্টোবর কৌশলে তাকে ডেকে এনে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর সহযোগীদের নিয়ে বালিশ চাপা দিয়ে হত্যার পর লাশ তাদের বাড়ির অদূরে পুকুরপাড়ে মাটি চাপা দেয়।

বৃহস্পতিবার সীতাকুণ্ডের পৌর সদরের ইয়াকুব নগরের বটতল এলাকার ওই পুকুরপাড় থেকে সেলিমের লাশ তোলা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার এসআই কামাল উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদে মঙ্গলবার রাতে রাসেলকে গ্রেপ্তারের পর সেলিমকে হত্যার কথা তিনি স্বীকার করেন। তার তথ্যে শাহানার বোনজামাই বেলাল উদ্দিন, ছোটভাই হাসেম ও টিপু নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

“তাদের স্বীকারোক্তির পর সেলিমকে খুনের বিষয়ে নিশ্চিত হই এবং ইয়াকুব নগরে মাটিচাপা থেকে লাশ উদ্ধার করি।”

সেলিম গত ২৯ অক্টোবর নিখোঁজ হন। এ ঘটনায় সেলিমের প্রথম স্ত্রী শাহানা সীতাকুণ্ড থানায় একটি ডায়রি করেন। এর ২২ দিন পর সেলিমের মা বাদী হয়ে শাহানাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন।

এর তদন্ত করতে গিয়ে শাহানার সঙ্গে রাসেল ও বেলালের পরকীয়ার বিষয়টি উঠে আসে জানিয়ে এসআই কামাল বলেন, ১৫ বছর আগে শাহানার বিয়ে হয়। সেলিমের আরও এক স্ত্রী রয়েছে।

“মঙ্গলবার রাসেলকে গ্রেপ্তারের পর সে পরকীয়া ও হত্যার বিষয়ে পুলিশকে অবহিত করে।”

পুলিশ কর্মকর্তা কামাল জানান, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলমের উপস্থিতিতে লাশ তুলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, শাহানাকে গ্রেপ্তারে অভিযান চলছে।