চট্টগ্রাম বন্দরে ফের বিদেশি সিগারেট জব্দ
এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে আবারও ‘মিথ্যা ঘোষণায়’ আনা ২৮৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
বন্দরের ইয়ার্ডে রাখা একটি কনটেইনার থেকে বুধবার সকালে ‘মন্ড’ ও ‘ইজি’ ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করা হয় বলে অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশুলিয়ার জেনেটিক ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান বন্ডের আওতায় সুতা আমদানির ঘোষণা দিয়ে এসব সিগারেট নিয়ে আসে।”
এ ঘটনায় এসব পণ্যের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক কাইয়ুম হোসাইন ও তার কর্মচারী মো. জসিম শুল্ক গোয়েন্দাদের হেফাজতে রয়েছেন।
গত ২৫ ফেব্রুয়ারি একইভাবে আনা ৪৭০ কার্টন বেনসন অ্যান্ড হেজেস সিগারেট জব্দ করেছিল র্যাব।
ওই ঘটনায় শুক্রবার চারজনকে কারাগারে পাঠায় আদালত।
মঙ্গলবার জব্দ হওয়া বিদেশি ব্র্যান্ডের সিগারেটের শিপিং প্রতিষ্ঠান ‘সাকী শিপিং লাইন’, যারা ২৫ ফেব্রুয়ারি মিথ্যা ঘোষণায় আনা সিগারেট আনার ঘটনার সঙ্গে যুক্ত।
