চবিতে বন্যপ্রাণী উৎসব বৃহস্পতিবার
বিশ্ব বন্যপ্রাণী দিবসকে সামনে রেখে ‘বন্যপ্রাণী উৎসব’র আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
‘আমাদের হাতেই বন্যপ্রাণীর ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস আগামী ০৩ মার্চ বৃহস্পতিবারে এ উৎসব আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাব।
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম ফরিদ আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যপ্রাণী উৎসবে নানা ধরনের আয়োজন থাকছে।
এর মধ্যে বর্ণাঢ্য র্যালি, ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ওয়াইল্ড রেস, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা ও বন্যপ্রাণীর উপর আলোকচিত্র প্রদর্শনীর কথা জানান তিনি।
উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উৎসবে অংশ নিচ্ছে বলে জানান অধ্যাপক ফরিদ।
এই উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
