২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ ভবনে ভাংচুরের অভিযোগ ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনের কক্ষ ভাংচুর ও এক কর্মীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে নগর ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 07:21 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

মঙ্গলবার বিকালে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার আগে নগরীর কোতয়ালি মোড়ে সিডিএ ভবনের সামনে জড়ো হওয়া একদল ছাত্রলীগকর্মী এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন সংস্থাটির সিকিউরিটি ইনচার্জ ফরিদ আহমেদ।

তারা সিডিএ ভবনের তিনতলায় সিডিএ’র এই নিরাপত্তা কর্মকর্তার কক্ষের কয়েকটি সরঞ্জাম ভাংচুর করে বলেও অভিযোগ করেছেন তিনি।

ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলে যাবার জন্য সিডিএ’র সীমানার ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগ কর্মীরা। জমায়েত থেকে স্লোগান দিলে গেইটের দারোয়ান মাহফুজ স্লোগান না দিতে বললে তারা তাকে মারধর শুরু করেন।

‍“তাকে টেনেহিঁচড়ে তিনতলায় আমার কক্ষে এনে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার জন্য চাপ দিতে থাকে। সাসপেন্ড করার ক্ষমতা নেই জানালে তারা ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করে আমার কক্ষের টেবিল ও দরজা ভংচুর করে,” অভিযোগ করেন তিনি।

কোতয়ালির অদূরে লালদীঘির মাঠে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সাংসদ এম এ লতিফের বিচার চেয়ে নাগরিক মঞ্চের ব্যানারে সমাবেশ ছিল, যেটির প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

ওই সমাবেশে যোগ দিতেই ছাত্রলীগের কর্মীরা সিডিএ ভবনের সীমানার ভেতরে জমায়েত হয়েছিল।   

ভাংচুরের বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, “সিকিউরিটি গার্ড আমাদের দাঁড়াতে নিষেধ করলে আমরা ইন-চার্জের সাথে কথা বলতে গিয়েছিলাম। তবে কোন ধরনের ভাংচুরের ঘটনা ঘটেনি।”